মাহমুদ হোসেন, আজমিরীগঞ্জ থেকে : হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌরসভায় নির্দিষ্ট ময়লা ফেলার স্থান না থাকায় সড়কের পাশেই ফেলা হচ্ছে বিভিন্ন ধরনের বর্জ্য ও আবর্জনা। ফলে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
পৌরসভার বিভিন্ন এলাকায় প্রতিদিন জমে থাকা ময়লা-আবর্জনা থেকে ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ। বিশেষ করে স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদের নাক চেপে চলাচল করতে হচ্ছে। এতে একদিকে যেমন পরিবেশ দূষণ বাড়ছে, অন্যদিকে জনস্বাস্থ্যের জন্যও তৈরি হচ্ছে মারাত্মক ঝুঁকি।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে পৌর এলাকায় পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার অভাব রয়েছে। নির্দিষ্ট ডাম্পিং স্টেশন না থাকায় যত্রতত্র ময়লা ফেলা হচ্ছে। বর্ষা মৌসুমে এসব আবর্জনা পানির সঙ্গে ছড়িয়ে পড়ে পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। সচেতন মহলের মতে, অপরিকল্পিতভাবে ময়লা ফেলার কারণে মশা-মাছির উপদ্রব বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি ডেঙ্গু, ডায়রিয়া ও বিভিন্ন চর্মরোগসহ নানা রোগবালাই ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয়দের দাবি, দ্রুত একটি স্থায়ী ডাম্পিং স্টেশন নির্মাণ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু করা জরুরি। একই সঙ্গে নিয়মিত ময়লা অপসারণ ও জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানান তারা। পৌরবাসীর মতে, পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তুলতে প্রয়োজন সঠিক পরিকল্পনা, কার্যকর তদারকি এবং দায়িত্বশীল উদ্যোগ। সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে এটি বড় ধরনের জনস্বাস্থ্য সমস্যায় রূপ নিতে পারে।
