বুধবার দুপুরে আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের সামনে এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা অভিযোগ করেন, শানবাড়ি মৌজার ২৭ শতক জায়গায় দীর্ঘদিন ধরে মিরা রানী রায়, বিশ্বনাথ রায় ও প্রয়োগ নাথ রায় পরিবার-পরিজন নিয়ে বসবাস করে আসছেন। সম্প্রতি ভূমি অফিসের কিছু অসাধু কর্মকর্তার সহযোগিতায় আলমাস মিয়া ভুয়া দায়ভাগ সনদ তৈরি করে জালিয়াতির মাধ্যমে ওই জায়গার মালিকানা হবিগঞ্জ শহরের দানিয়ালপুর এলাকার জগনাথ রায়ের নামে দেখানোর চেষ্টা করেন।
বক্তারা আরও বলেন, বর্তমানে আলমাস মিয়া জগনাথ রায়কে সঙ্গে নিয়ে ওই জায়গা দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর আগেও তিনি জালিয়াতির মাধ্যমে এলাকার একটি মসজিদের জায়গা দখল করে বিক্রি করেছেন বলেও অভিযোগ তোলা হয়।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, কয়েক বছর আগে চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আলমাস মিয়া তার নিজ এলাকা কিশোরগঞ্জের ইটনা উপজেলা থেকে বিতাড়িত হয়ে আজমিরীগঞ্জে আসেন। এরপর থেকেই তিনি এলাকার নিরীহ হিন্দু সম্প্রদায়ের লোকজনের জায়গা জাল-জালিয়াতির মাধ্যমে দখল করে উচ্চমূল্যে বিক্রি করে আসছেন বলে অভিযোগ করেন তারা।
তারা বলেন, মিরা রানী রায়, বিশ্বনাথ রায় ও প্রয়োগ নাথ রায়ের ওই জায়গাই তাদের শেষ সম্বল। তাই যেকোনো মূল্যে তাদের ভিটেমাটি রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে শানবাড়ি সমবায় সমিতির সভাপতি কৌশিক রায়ের সভাপতিত্বে এবং প্রণয় রায়ের পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা শহিদুল মিয়া, মাসুক মিয়া, উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মস্তু মিয়া, প্রেসক্লাব সভাপতি স্বপন বণিক, সামায়ূন মিয়া প্রমুখ।
