উঠান বৈঠকে শিক্ষা, স্বাস্থ্য, বাল্যবিবাহ প্রতিরোধ, নারীনির্যাতন প্রতিরোধ ও জেন্ডার সমতা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। নারীদের সচেতনতা বৃদ্ধি এবং সমাজে সমঅধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস. এম. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আকবর হোসেনের প্রতিনিধি এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু কায়সার মো. আব্দুল হাদি।
উঠান বৈঠকে উপস্থাপনা করেন উপজেলা তথ্যসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অঞ্জনা আক্তার হেপী। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিল তথ্যআপা টিম।
বক্তারা বলেন, নারীদের ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি, স্বাস্থ্য সচেতনতা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে তথ্যআপা প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
তথ্যআপা প্রকল্পের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা, আইনি সহায়তা, জেন্ডার সমতা এবং তথ্যপ্রযুক্তিভিত্তিক বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে। এছাড়াও তৃণমূল পর্যায়ের সুবিধাবঞ্চিত নারীদের তথ্যপ্রযুক্তিতে প্রবেশাধিকার নিশ্চিত করা এবং নারীদের কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়তা প্রদান করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।
