বুধবার (৮ মার্চ) দুপুর ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম-এর সভাপতিত্বে এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম-এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন মহিলা বিষয়ক কর্মকর্তা মোহিতুল ইসলাম, লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক রাজিব আচার্য্য, লাখাই প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ বাহার উদ্দিন এবং লাখাই উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মহসিন সাদেক।
বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী প্রকল্প নিয়ে অংশগ্রহণ করে। মেলায় মোট ১২টি স্টল অংশ নেয়।
উদ্বোধনের পর উদ্বোধকসহ অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে, যা বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উন্নয়নের অগ্রযাত্রায় একটি বড় প্রতিবন্ধকতা। এ অবস্থা থেকে উত্তরণে বিজ্ঞান বিষয়ে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি করতে বিশেষ গুরুত্বারোপ করতে হবে। শিক্ষার্থীদের বিজ্ঞানমুখী করে তুলতে উদ্বুদ্ধকরণ সভা আয়োজন এবং আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ বিজ্ঞানাগারের সুবিধা বৃদ্ধি করতে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান বক্তারা।
