রবিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী সামছুল আরেফিনের সভাপতিত্বে এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর বিধান চন্দ্র সোমের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন লাখাই এসিআরসি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন শিক্ষার্থী অর্পণ দাস।
“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গৌতম চন্দ্র রায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইশতিয়াক খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, লাখাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন এবং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য গ্রহণে ঘাটতিই পুষ্টিহীনতার অন্যতম প্রধান কারণ। এ সমস্যা সমাধানে নিরাপদ খাদ্য উৎপাদন ও সুষম খাদ্য গ্রহণে সবাইকে সচেতন হতে হবে। জনগণের মধ্যে বয়সভিত্তিক পুষ্টির চাহিদা সম্পর্কে সচেতনতা বাড়াতে স্বাস্থ্য বিভাগের প্রচার কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, স্বাস্থ্য বিভাগের পাশাপাশি সচেতন মহলকে এ বিষয়ে এগিয়ে আসতে হবে এবং প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পুষ্টিবিষয়ক কার্যক্রম চালু রাখা প্রয়োজন। সুস্থ, সবল ও কর্মক্ষম জনগোষ্ঠীই দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি—তাই সঠিক সময়ে পরিমিত ও পুষ্টিকর খাদ্য গ্রহণ নিশ্চিত করতে হবে।
