স্থানীয় সূত্রে জানা যায়, প্রশাসনের নজর এড়িয়ে গভীর রাত থেকে ভোর পর্যন্ত চলে বালু উত্তোলনের কাজ। অবৈধ ড্রেজার মেশিন ব্যবহার করে নদী থেকে বালু তুলে স্টিল বোটে লোড করা হচ্ছে এবং পরে আজমিরীগঞ্জের বিভিন্ন স্থানে তা আনলোড করা হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, দীর্ঘদিন ধরে বালু উত্তোলনের ফলে নদীর তীর ভাঙন দেখা দিয়েছে। এতে আশপাশের ফসলি জমি মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। স্থানীয়রা অভিযোগ করেন, প্রভাবশালী একটি চক্র এ কাজে জড়িত থাকায় ভয়ে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে পারছেন না। কোনো নিয়ম-নীতি মানা ছাড়াই নির্বিঘ্নে চলছে এই অবৈধ কার্যক্রম।
এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত বালু উত্তোলন বন্ধ না করা হলে ভবিষ্যতে নদীর তীরবর্তী বিস্তীর্ণ ফসলি জমি ও বন্যা প্রতিরক্ষা বাঁধ হুমকির মুখে পড়বে।
এ বিষয়ে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এফ. রেজাউল করিম বলেন, “বিষয়টি নিয়ে ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। আমাদের কাছে কয়েকটি অভিযোগ এসেছে। খুব দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
