ঢাকা

আজমিরীগঞ্জে ঝিংড়ী বাঁধ ভাঙনের আশঙ্কা, তলিয়ে যাচ্ছে বোরোধান

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার হাওরাঞ্চলে টানা বৃষ্টিতে বোরো ফসল নিয়ে চরম উদ্বেগে পড়েছেন কৃষকরা। বিশেষ করে নোয়াগড় গ্রামের ঝিংড়ী বিলের বাঁধ ভেঙে পড়ার আশঙ্কায় ইতোমধ্যে কয়েকটি জমি পানির নিচে তলিয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ও বুধবারের বৃষ্টিতে ঝিংড়ী বিলের বাঁধটি মারাত্মক ঝুঁকিতে পড়ে। নোয়াগড় গ্রামের প্রায় দুই থেকে আড়াইশত মানুষ দিনরাত কাজ করে বাঁধটি রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় সাংবাদিক আমির হামজা ও উপজেলা কৃষি কর্মকর্তা রহুল আমিন বুধবার (১৫ এপ্রিল) ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা জানান, বৃষ্টির পানি ও পাশের নদীর পানির চাপে বাঁধটি হুমকির মুখে রয়েছে। ইতোমধ্যে প্রায় ৪০ থেকে ৫০ হেক্টর বোরো জমি পানিতে তলিয়ে গেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, জোরবিল এলাকায় জমে থাকা পানি বের হতে না পারায় আশপাশের বোরো জমিও ঝুঁকির মধ্যে রয়েছে। পানি নিষ্কাশনের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

এদিকে উপজেলার কাকাইলছেও গ্রামের পুবের হাওরে এখনও ধান তলিয়ে না গেলেও জলাবদ্ধতার কারণে বিপাকে পড়েছেন কৃষকরা। অধিকাংশ গ্রামীণ সড়ক পানির নিচে চলে যাওয়ায় ফসল ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে।

স্থানীয় কৃষক মামুন মিয়া বলেন, “রাস্তায় পানি থাকায় কোনো যানবাহন চলাচল করতে পারছে না। এ অবস্থায় কীভাবে ধান ঘরে তুলবো বুঝতে পারছি না।”

হাওরাঞ্চলের কৃষকদের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আরও বিস্তীর্ণ এলাকার বোরো ফসল পানিতে তলিয়ে যেতে পারে।

Tags: