ঢাকা

লাখাইয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৬৪ পরীক্ষার্থী

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares
লাখাই প্রতিনিধি : হবিগঞ্জের লাখাই উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর প্রথম দিনের পরীক্ষায় ৬৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬৪ জন অনুপস্থিত ছিলেন।

বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার একমাত্র পরীক্ষা কেন্দ্র কালাউক উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা গ্রহণ করা হয়।

কেন্দ্রের হল সুপার ও বুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতাহার হোসেন শামীম জানান, মোট ৬৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৮১ জন পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ২৬৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকে। তিনি আরও জানান, পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন, সহকারী শিক্ষা কর্মকর্তা প্রনয় কুমার মহালদার, সহকারী হল সুপার আক্তার ফারুক, লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমেদসহ সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, সারাদেশের ন্যায় লাখাই উপজেলাতেও বুধবার থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে।

Tags: