ঢাকা

নবীগঞ্জে কুর্শি কমিউনিটি ক্লিনিকে অনিয়মের অভিযোগ, সেবা বঞ্চিত এলাকাবাসী

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নে অবস্থিত কুর্শি কমিউনিটি ক্লিনিক দীর্ঘদিন ধরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সমালোচনার মুখে পড়েছে। স্থানীয়দের দাবি, দায়িত্বে অবহেলা ও স্বেচ্ছাচারিতার কারণে ক্লিনিকটির স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রায় ভেঙে পড়েছে।

অভিযোগ রয়েছে, ক্লিনিকের সহকারী (ভারপ্রাপ্ত) কাজী মত্তকীর মিয়ার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটছে। স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীরা জানান, বিগত প্রায় দুই মাস ধরে ক্লিনিকটি অধিকাংশ সময় তালাবদ্ধ অবস্থায় ছিল। ফলে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ থেকে বঞ্চিত হচ্ছেন।

গত রবিবার (২৯ মার্চ) সকাল ১০টার দিকে কুর্শি, ফুটারমাটি ও ষাইটকাহন এলাকার সেবা গ্রহণকারীরা ক্লিনিকে গিয়ে সেটি বন্ধ পান। দীর্ঘ সময় অপেক্ষার পরও দায়িত্বপ্রাপ্ত কাউকে না পেয়ে তারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার (টিএইচও) মোবাইল নম্বরে বিষয়টি জানান। পরে দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে সংশ্লিষ্ট সহকারী এসে ক্লিনিকটি খোলেন।

এলাকাবাসীর অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত ওই সহকারী মাঝে মধ্যে ক্লিনিক খুললেও নিয়মিত সেবা প্রদান করেন না। এমনকি দরিদ্র রোগীদের কাছ থেকে জনপ্রতি ২০ টাকা নিয়ে ওষুধ দেওয়ার অভিযোগও রয়েছে। এছাড়া ক্লিনিকের ওষুধ অন্যত্র সরিয়ে নেওয়ার ঘটনাও ঘটছে বলে দাবি করেন তারা।

ঘটনার দিন ক্লিনিকের সামনে জড়ো হয়ে এলাকাবাসী অভিযুক্তের অপসারণ দাবি করেন এবং প্রতিবাদ জানান। এ সময় তারা “দুর্নীতিবাজ সহকারী বহিষ্কার চাই” স্লোগানে বিক্ষোভ করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় মুরব্বিদের হস্তক্ষেপে তা শান্ত হয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য পরিদর্শন ইনচার্জ বিপ্লব দাশ জানান, অভিযুক্ত স্বাস্থ্য সহকারীর বিরুদ্ধে এর আগেও অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

অভিযোগের বিষয়ে কাজী মত্তকীর মিয়া দাবি করেন, ক্লিনিকে ওষুধের সংকট রয়েছে এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। তবে উপস্থিত গণমাধ্যমকর্মীরা ক্লিনিক পরিদর্শন করে ভেতরে কিছু ওষুধ দেখতে পান। এ সময় তিনি কিছু ওষুধ থাকার বিষয়টি স্বীকার করেন।

এছাড়া সাংবাদিকরা গত দুই বছরের ওষুধ প্রাপ্তি ও বিতরণের তালিকা দেখতে চাইলে তিনি সুনির্দিষ্ট কোনো তথ্য উপস্থাপন করতে পারেননি।

এলাকাবাসী দ্রুত এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ক্লিনিকে নতুন দায়িত্বশীল কর্মকর্তা নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Tags: