সরেজমিনে দেখা গেছে, আজমিরীগঞ্জ উপজেলা সদর থেকে শিবপাশা ও পশ্চিমবাগ হয়ে বানিয়াচং উপজেলার কুন্ডারপাড় পয়েন্টে প্রয়াত এমপি শরীফ উদ্দিন আহমেদ আঞ্চলিক মহাসড়কের সঙ্গে সংযুক্ত এই গুরুত্বপূর্ণ সড়কের বিভিন্ন স্থানে পিচঢালাই উঠে গেছে। কোথাও কোথাও প্রায় ২৫ থেকে ৩০ ফুট জায়গাজুড়ে ভাঙন ও গর্ত তৈরি হওয়ায় যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই সড়কের আইনজৈন ব্রিজের গোড়ায়ও বড় ধরনের ভাঙন দেখা গেছে।
ব্রিজটি সরু হওয়ায় এর উপর দিয়ে যানবাহন চলাচলের সময় চালক ও যাত্রীদের ঝুঁকি নিয়ে পার হতে হয়। পশ্চিমবাগ এলাকার নয়াগাঙ ব্রিজের গোড়াতেও ভাঙন থাকায় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে জানান স্থানীয়রা। স্থানীয় দোকানদার হাসিম মিয়া বলেন, এখানে প্রায়ই যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার উপক্রম হয়। টমটম চালক আকির মিয়া বলেন, প্রতিদিন এই সড়কে গাড়ি চালাতে গিয়ে নানা সমস্যার মুখে পড়তে হয়। আয়ের বড় অংশই গাড়ি মেরামতে চলে যায়। কুন্ডুরপাড় এলাকার দোকান মালিক মো. হাদিস মিয়া জানান, চৌরাস্তা হওয়ায় এখানে মোড় নিতে গিয়ে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটে। স্থানীয় পরিবহন চালক ও বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন স্থানে ভাঙন সৃষ্টি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন কোনো সংস্কার কার্যক্রম চোখে পড়েনি। এলাকাবাসী দ্রুত সড়ক ও ব্রিজগুলোর সংস্কার করে দুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
