স্থানীয় সূত্রে জানা যায়, ছিনতাইকারী চক্রের সদস্যরা বিভিন্ন সময় ছদ্মবেশে ব্যাংকের আশপাশে অবস্থান নেয়। কেউ ভিক্ষুক, কেউ পথচারী কিংবা সাধারণ গ্রাহক সেজে ব্যাংকের সামনে ঘোরাফেরা করে। ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বের হওয়ার পরপরই তারা কৌশলে টার্গেট করা ব্যক্তির কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত সটকে পড়ে। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবারদুপুরে হবিগঞ্জ শহরের কালিবাড়ি এলাকায় অবস্থিত ইসলামী ব্যাংকের সামনে এক গ্রাহকের কাছ থেকে ৭৯ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় স্থানীয় জনতা ধাওয়া করে মা-মেয়েসহ দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেন। পরে তাদের থানায় সোপর্দ করা হয়।
আটককৃতরা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তারা সম্পর্কে মা ও মেয়ে। স্থানীয়দের অভিযোগ, এর আগেও তারা একাধিকবার হবিগঞ্জ শহরে একই ধরনের ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ধরা পড়েছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বের হওয়ার পরপরই ওই গ্রাহকের পিছু নেয় ছিনতাইকারীরা। একপর্যায়ে সুযোগ বুঝে তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে আশপাশে থাকা লোকজন বিষয়টি টের পেয়ে ধাওয়া করে তাদের আটক করেন। পরে গণধোলাই না দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেওয়া হয়।
এদিকে ঈদকে সামনে রেখে শহরের বিভিন্ন ব্যাংকের সামনে নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন সচেতন মহল। তাদের মতে, ব্যাংকের সামনে পর্যাপ্ত নিরাপত্তা ও পুলিশের টহল বাড়ানো হলে এ ধরনের ঘটনা অনেকটাই কমে আসবে। হবিগঞ্জ সদর থানার একাধিক সূত্র জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি শহরে ছিনতাই প্রতিরোধে পুলিশের টহল আরও জোরদার করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
