ঢাকা

শাল্লায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক ঐক্যের বার্তায় বিশাল সমাবেশ

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares

সুনামগঞ্জের শাল্লায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক ঐক্যের বার্তা নিয়ে এক বিশাল সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারি ২০২৬ ইং শাল্লা উপজেলার সামরচ ঈদগা মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।

“দিরাই–শাল্লাবাসী কয়, কথায় নয়—কাজে পরিচয়” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী মোঃ শিশির মনির। সমাবেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান—সব সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে এই প্রথম ব্যতিক্রমধর্মী ভালোবাসা ও সম্প্রীতির এমন আয়োজন অনুষ্ঠিত হলো। তারা আরও বলেন, ধর্মের ভিন্নতা থাকলেও মানবতাই সবার আগে। বিভেদ নয়, ঐক্যের মধ্য দিয়েই একটি সুন্দর সমাজ ও দেশ গড়ে তোলা সম্ভব।

সমাবেশে মুসলিম সম্প্রদায়ের ইমাম, হিন্দু ধর্মের পুরোহিতসহ বিভিন্ন ধর্মীয় নেতা উপস্থিত থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী, জেলে, চাষি, কৃষক-কৃষাণী, ব্যবসায়ীসহ সমাজের নানা পেশা ও শ্রেণির মানুষ এতে অংশ নেন। বিভিন্ন সম্প্রদায়ের নারী-পুরুষ ও নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সমাবেশটি পরিণত হয় এক মিলনমেলায়।

বক্তারা বলেন, কথায় নয়—কাজের মাধ্যমেই সম্প্রীতির পরিচয় দিতে হবে। একই সঙ্গে সমাবেশ থেকে “সব দল দেখা শেষ, এবার দাঁড়িপাল্লার বাংলাদেশ” শ্লোগান তুলে ধরে আগামী দিনে পরিবর্তনের প্রত্যাশার কথাও জানানো হয়। এ সময় অংশগ্রহণকারীরা শিশির মনিরের প্রতি সমর্থন জানিয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রত্যাশার কথাও প্রকাশ করেন।

সমাবেশটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। শেষে আয়োজক ও অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের সম্প্রীতিমূলক মিলনমেলার আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Tags: