হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। র্যাব জানায়, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মাধবপুর উপজেলার নোয়াপাড়া সুপার মার্কেট বাজার এলাকায় অবস্থান নেয়। খবর পাওয়া যায়, একটি সবুজ রঙের সিএনজিযোগে কয়েকজন মাদক ব্যবসায়ী গাঁজা নিয়ে শায়েস্তাগঞ্জের দিকে আসছে। এরপর রাত প্রায় ৯টা ২০ মিনিটে নোয়াপাড়া ইউনিয়নের ট্রাকস্ট্যান্ডের সামনে চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি সবুজ সিএনজিকে থামানোর সংকেত দিলে ভেতরে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাদের আটক করা হয়।
আটকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, সিএনজির ভেতরে গাঁজা রয়েছে। তল্লাশি করে ১০টি পোটলায় মোড়ানো ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়েছে। গ্রেফতাররা হলেন— ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক এলাকার মো. ফারুক মিয়া (৩০) এবং আশুরাইল এলাকার মো. রুরু মিয়া (২৮)। র্যাব আরও জানায়, তারা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের হবিগঞ্জের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
