স্থানীয় সূত্রে জানা যায়, ৪ নং শাল্লা ইউনিয়নের ইসাকপুর আলমপুর গ্রামের বাসিন্দা আমির মিয়া দীর্ঘ দিন ধরে ছায়ার হাওর সংলগ্ন ফসলি জমি থেকে অবৈধভাবে এস্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে মাটি কেটে বিক্রি করে আসছিলেন। এতে পরিবেশ ও কৃষিজমির দীর্ঘমেয়াদী ক্ষতির আশঙ্কা দেখা দিলে স্থানীয়রা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ইউএনও পিয়াস চন্দ্র দাস ছায়ার হাওর এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় অবৈধভাবে মাটি কাটার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আমির মিয়াকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়। একই সাথে পুনরায় মাটি না কাটার জন্য কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস জানান, "ফসলি জমির উপরিভাগের মাটি কাটা কৃষি উৎপাদন ও পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কাউকে কৃষিজমি ধ্বংস করার সুযোগ দেওয়া হবে না।"
স্থানীয় কৃষকরা প্রশাসনের এই তড়িৎ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা জানান, প্রভাবশালী মহলের ভয়ে অনেকেই মাটি কাটায় বাধা দেওয়ার সাহস পাচ্ছিলেন না, এই জরিমানার ফলে অবৈধ মাটি ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমবে বলে আশা করা যাচ্ছে।
