বুধবার (আজ) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ, আজমিরীগঞ্জ শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, নিয়ম অনুযায়ী প্রতি পাঁচ বছর পরপর নতুন পে-স্কেল ঘোষণার কথা থাকলেও সর্বশেষ পে-স্কেল ঘোষণা করা হয়েছিল প্রায় এক দশক আগে। দীর্ঘদিন ধরে নতুন পে-স্কেল না হওয়ায় সরকারি কর্মচারীরা চরম আর্থিক সংকটে পড়েছেন।
বক্তারা আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে বর্তমান বেতনে সরকারি কর্মচারীদের পক্ষে পরিবার পরিচালনা করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠেছে। ব্যয় বৃদ্ধির তুলনায় বেতন কাঠামো হালনাগাদ না হলে অনেক কর্মচারী পরিবার পরিচালনার চাপের কারণে অনৈতিক ও অবৈধ লেনদেনে জড়িয়ে পড়ার ঝুঁকিতে পড়তে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।
সমাবেশ থেকে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সরকারি কর্মচারীদের যৌক্তিক দাবি বিবেচনা করে ৯ম পে-স্কেল দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং আসন্ন নির্বাচনের আগেই গেজেট আকারে নতুন পে-স্কেল প্রকাশের দাবি জানান তারা।
