ঢাকা

শরিফ উদ্দিন সড়কে সংস্কার কাজ: পুরাতন কার্পেটের ওপর নতুন কার্পেটের প্রলেপ

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares

 

দীর্ঘ প্রতীক্ষার পর আজমিরীগঞ্জ-বানিয়াচং শরিফ উদ্দিন সড়কের সংস্কার কাজ শুরু হওয়ায় দুই উপজেলার জনসাধারণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে এই স্বস্তির মাঝেই দেখা দিয়েছে কিছুটা অস্বস্তি ও সংশয়ের কারণ। গত এক থেকে দেড় মাসে প্রায় ৭ কিলোমিটার সড়কের কাজ সম্পন্ন হয়েছে।

সংস্কার কাজে পুরাতন কার্পেটের ওপর নতুন কার্পেটের প্রলেপ দেওয়া হচ্ছে। যদিও এই কাজের তিন বছরের লাইবিলিটি ঠিকাদারের থাকছে, তবুও জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের আশঙ্কা, যদি বর্ষা মৌসুমের আগেই সংস্কার কাজ সম্পন্ন না হয়, তবে কাজের ব্যাপক ব্যাঘাত ঘটতে পারে এবং সড়কের টেকসই মান নিয়ে শঙ্কা তৈরি হবে। মেঘ-বৃষ্টি শুরু হলে নতুন কার্পেটের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে বলে মনে করছেন অনেকে।

সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, এই সড়কটি একটি মেগা প্রকল্পের আওতাভুক্ত এবং বর্তমানে এর  সংস্কার কাজ টিবিএল ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। একসময় শরিফ উদ্দিন সড়কের অবস্থা এতটাই নাজুক হয়ে পড়েছিল যে, সেটিকে আর সড়ক বলা যেত না, বরং এটি ছিল দুর্ভোগ, দুর্ঘটনা ও দীর্ঘশ্বাসের প্রতীক। প্রায় ১৭ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি ২০১৭ সালে ১১৬ কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) নির্মাণ করে। কিন্তু দীর্ঘদিন কোনো সংস্কার না হওয়ায় সড়কটি ধীরে ধীরে ভয়ংকর মৃত্যুফাঁদে পরিণত হয়। খানাখন্দ, ভাঙা কার্পেট ও জলাবদ্ধতার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছিল এবং সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছায়। 

এ বিষয়ে আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কের সংস্কার কাজের সাইট ইনচার্জ মোঃ ইমরানের সঙ্গে কথা বললে তিনি জানান, প্রায় এক থেকে দেড় মাস আগে কাজ শুরু করা হয়েছে। এখন পর্যন্ত যান চলাচলের সুবিধার জন্য প্রায় ৭ কিলোমিটার এলাকায় কার্পেটিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। রাস্তার যেসব অংশে পুরাতন কার্পেট তুলনামূলকভাবে ভালো আছে, সেসব জায়গায় স্ক্র্যাপিং ও ওয়্যারিং কার্পেট করা হবে। 

তিনি আরও জানান, ইস্টিমেট অনুযায়ী সড়কে ৪০ এমএম পুরু কার্পেট দেওয়া হচ্ছে এবং কিছু কিছু জায়গায় প্রয়োজন অনুযায়ী ৫০ এমএম কার্পেট বসানো হবে। এই সংস্কার কাজের তিন বছরের লাইবিলিটি ঠিকাদারের ওপর থাকবে। এই সময়ের মধ্যে সড়কে কোনো ধরনের ক্ষতি বা মেরামতের প্রয়োজন হলে ঠিকাদারি প্রতিষ্ঠান নিজ দায়িত্বে তা সম্পন্ন করবে।



Tags: